ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নিজ শয়নকক্ষে রাহিমা (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাহিমা ওই এলাকার লেপ-তোষক ব্যবসায়ী বিল্লাল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুই সন্তানকে খাবার খাইয়ে পাশের কক্ষে ঘুমিয়ে দিয়ে নিজের ঘরে বিশ্রামে যান রাহিমা। স্বামী বিল্লাল হোসেন ব্যবসায়িক কাজে বাইরে থাকায় ঘরের প্রধান দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রাহিমার গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ঘাতকরা মরদেহ সরানোর চেষ্টা করলে বারান্দার একটি সেলাই মেশিনে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। শব্দ শুনে বড় মেয়ে সুমাইয়া ঘর থেকে বেরিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর পেয়ে রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।" এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ