ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বেতাগী: বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেছেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের জায়গা বিএনপিতে নেই। তারা যতই দলের ভেতর প্রবেশের চেষ্টা করুক না কেন, তাদের কখনোই প্রশ্রয় দেওয়া হবে না।” সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় নূরুল ইসলাম মণি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এলাকার প্রধান সমস্যা নদী ভাঙন রোধসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈষম্যহীন একটি সমাজ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে পুরো বেতাগী পৌর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। বিকেলের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে জনসভাস্থলে হাজির হন। মুহূর্তেই বিশাল স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে এক জনসমুদ্রে পরিণত হয়।
উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরুল ইসলাম মণির পুত্র আশিকুল সালেহীন। এছাড়া জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল রহমান, বেতাগী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক এবং উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভায় নারী নেত্রী সীমা আক্তার, পিয়ারা বেগমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ