নবীনগরে যৌথ বাহিনীর অভিযান: শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

নবীনগরে যৌথ বাহিনীর অভিযান: শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ মো. কেরামত আলী বিশ্বাস (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

 গোপন সংবাদের ভিত্তিতে ১২ বীর সেনাবাহিনীর মেজর মো. সানিউল আলমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল টিয়ারা গ্রামে অভিযান চালায়। এ সময় কেরামত আলীর কাছ থেকে একটি অবৈধ শর্টগান এবং ১৬ রাউন্ড অ্যানিমোশন (গুলি) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কেরামত আলী বিশ্বাস গোপালগঞ্জ সদর থানার সুকতাইল গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।

 অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আসামিকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত জেলা কারাগারে পাঠানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে যৌথ বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন