ঘিওরে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা: প্রাণ গেল তরুণের

ঘিওরে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা: প্রাণ গেল তরুণের

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো. আলামিন (৩০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঘিওর উপজেলা সদরের পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। আহত আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘিওর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নাগরপুরের বাড়িগ্রাম থেকে আশিক ও আলামিন মোটরসাইকেলযোগে পাটুরিয়া ফেরিঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ঘিওরের পঞ্চরাস্তা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিকের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত আলামিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন