দক্ষিণাঞ্চলে জামায়াতের উত্থান: অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী করার দাবি

দক্ষিণাঞ্চলে জামায়াতের উত্থান: অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রী করার দাবি

আব্দুল্লাহ আল মামুন, যশোর: দক্ষিণাঞ্চলের বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বড় জয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে যশোর সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতারা মনে করছেন, মাঠপর্যায়ে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দক্ষিণাঞ্চলে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করতে পারে।

নেতাকর্মীদের দাবি, দক্ষিণাঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সে ক্ষেত্রে যশোর সদর থেকে নির্বাচিত এই জনপ্রিয় নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

যশোরের স্থানীয় বিএনপি নেতারা জানান, অনিন্দ্য ইসলাম অমিত শুধু দলের গুরুত্বপূর্ণ পদেই নন, বরং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থেকে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তাঁকে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশায় ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন নতুন মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এ অঞ্চলের মানুষ।

সকালবেলা

মন্তব্য করুন