রাজশাহীতে উৎসবের আমেজ: ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহীতে উৎসবের আমেজ: ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর রাজশাহীর কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন। সর্বশেষ ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে রাজশাহী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর মিনুর এই নিয়োগে বরেন্দ্র অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন মিজানুর রহমান মিনু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে ২৮ হাজার ১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সংসদীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার পরিচালনায় মিনুর রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা; তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে ভূমি মন্ত্রী হিসেবে মিনুর শপথ গ্রহণের খবর রাজশাহীতে পৌঁছালে নগরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মিনুর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রাজশাহীর সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন