বাউফলে উত্তাল নির্বাচনী মাঠ: মধ্যরাতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৪

বাউফলে উত্তাল নির্বাচনী মাঠ: মধ্যরাতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৪

জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি (বাউফল): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার পরপরই পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনের কালাইয়া ও কেশবপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন এবং একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে জামায়াতের একটি প্রচার মিছিল চলাকালে ধানের শীষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াত সমর্থকরা ক্ষুব্ধ হয়ে কালাইয়া এলাকায় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এ সময় ছাত্রদল কর্মী রায়হান (১৭) ও ফারুক হাওলাদার (৪৫) নামের একজন জামায়াত কর্মী গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই ঘটনার জেরে মধ্যরাতে কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে সাঈদ (২৯) ও নাইম (৩১) নামের দুই জামায়াত সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তারা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় একটি দোকানে অভিযান চালিয়ে দুটি দেশীয় রামদা উদ্ধার করা হয় এবং সন্দেভাজন হিসেবে দোকানি সোহেলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে সোহেল দাবি করেছেন, সংঘর্ষের সময় কেউ তাঁর নজরে আড়ালে রামদা দুটি সেখানে রেখে যেতে পারে।

ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপি প্রার্থী সহিদুল আলম তালুকদার। তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস জামায়াত কর্মীদের ওপর হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন যে, জামায়াতই প্রথমে তাদের ক্যাম্পে হামলা চালিয়ে ছাত্রদল নেতা রায়হানকে জখম করেছে। জামায়াত সমর্থক শাহীনও পাল্টা অভিযোগ করে বলেন, তাদের নিরীহ কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

বাউফল থানা সূত্রে জানা গেছে, বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন