ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া সমুদ্র সৈকত এলাকায় রাতের আঁধারে সারি সারি কেয়া গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। দ্বীপের প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী হিসেবে পরিচিত এই কেয়া বন নিধনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় বিশাল এলাকাজুড়ে কেয়া গাছ কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কে বা কারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগেও যে এলাকা ঘন সবুজ কেয়া বনে ঢাকা ছিল, সেখানে এখন সারি সারি গাছ কাটা পড়ে আছে। এই গাছগুলো দ্বীপের রক্ষাকবচ ও সৌন্দর্যের আধার হওয়ায় এভাবে বন উজাড়ের ঘটনায় দ্বীপবাসী ক্ষুব্ধ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ এই ঘটনাকে নিন্দনীয় ও উদ্বেগজনক অভিহিত করে বলেন, কেয়া গাছ উপকূলীয় বালুচর ও বসতভিটাকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এই নিধনযজ্ঞ দ্বীপের পরিবেশগত ভারসাম্যকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বিষয়টি জানার পর তদন্তের জন্য বিচ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। কোনো বিশেষ চক্র এর পেছনে রয়েছে কি না তা শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ