মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবার ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবার ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি রিভলবার, পাঁচটি ককটেল, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এই সফল অভিযান পরিচালনা করে।

 সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল, তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন