দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন উদ্যমে ফিরছে ‘নবজাগরণ সামাজিক সংগঠন’

দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন উদ্যমে ফিরছে ‘নবজাগরণ সামাজিক সংগঠন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সমাজের আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ সামাজিক সংগঠন’ আবারও তাদের কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু করতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর সংগঠনের লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রেখে সামাজিক দায়বদ্ধতা পালনে নতুন করে ফেরার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা গেছে, কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে অচিরেই বর্তমান ও প্রাক্তন সদস্যসহ শুভানুধ্যায়ীদের নিয়ে একটি মূল্যায়ন ও পর্যালোচনা সভার আয়োজন করা হবে। উক্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

এক বিশেষ বিবৃতিতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. সাহরিয়ার কবির বলেন, "আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আবারও নবজাগরণ তার সোনালী দিনগুলোতে ফিরবে। ক্যারিয়ার গঠনের লক্ষ্যে পড়াশোনা ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকলেও সমাজের কল্যাণে পুনরায় সংগঠনের কার্যক্রম খুব দ্রুত চালু করা হবে। সকলের ভালোবাসা ও দোয়াতে সংগঠনকে আবারও পুনরুজ্জীবিত করা হবে।"

উল্লেখ্য, নবজাগরণ সামাজিক সংগঠন অতীতেও বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। বিরতি কাটিয়ে তাদের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও সাধারণ মানুষ। সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থনে সংগঠনটি আবারও সমাজের কল্যাণে দৃঢ় অবস্থান তৈরি করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সকালবেলা

মন্তব্য করুন