ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা রোডে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খায়ের মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত খায়ের মিয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের গাঙ্গুলহাটির বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় খায়ের মিয়া নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোড দিয়ে যাওয়ার পথে একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাদ্দাম হোসেন জানান, নিহত খায়ের মিয়া এই হাসপাতালেই কর্মরত চিকিৎসক ডা. হোসেনের পিতা। আহত অবস্থায় হাসপাতালে আনার পর দেখা যায় তাঁর আঘাত অত্যন্ত গুরুতর ছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের মৃত্যুতে চিকিৎসক সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন