বন ছেড়ে গ্রামে অজগর: শরণখোলায় এক বছরে ৫০টি সাপ উদ্ধার

বন ছেড়ে গ্রামে অজগর: শরণখোলায় এক বছরে ৫০টি সাপ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনে প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তন ও তীব্র খাদ্য সংকটের কারণে প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ। বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত এক বছরে (২০২৫ সাল) ছোট-বড় মিলিয়ে অন্তত ৫০টি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব বন্যপ্রাণী পরবর্তীতে বন বিভাগের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ৩৭টি অজগর, ৪টি দাঁড়াস, ২টি সুতানাগ, ৩টি কিং কোবরা (রাজগোখরা), ২টি গোখরা এবং ২টি মনোক্লেড কোবরা রয়েছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল প্রায় ২০ ফুট লম্বা এবং ৫৫ কেজি (প্রায় দেড় মন) ওজনের একটি বিশাল আকৃতির অজগর। লোকালয়ে আতঙ্ক ছড়ানো এই বিশাল অজগরটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) এবং বন বিভাগ যৌথভাবে এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করে। সম্প্রতি শরণখোলার রায়েন্দা গ্রামে একটি মাছের ঘেরের জালে অজগর আটকে পড়ার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল তা উদ্ধার করে শরণখোলা রেঞ্জের গহীন বনে অবমুক্ত করে।

ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য নাজমুল ইসলাম জানান, বনসংলগ্ন এলাকার মানুষের মধ্যে সচেতনতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এখন সাপ দেখলে মানুষ পিটিয়ে না মেরে বরং উদ্ধারকারী টিমকে খবর দেয়। তিনি বলেন, “দ্রুত উদ্ধার ও নিরাপদে বনে অবমুক্ত করার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে একটি সুন্দর সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন