ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাকৈইসার এলাকার একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নুদ্দিন খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে এবং স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নুদ্দিন ঢালী দীর্ঘকাল মালয়েশিয়া প্রবাসী ছিলেন এবং মাত্র তিন মাস আগে দেশে ফেরেন। গত রোববার রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। সোমবার বিকেলে স্থানীয়রা কাকৈইসার এলাকায় একটি আমগাছে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, জয়নুদ্দিন দলের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। শোনা যাচ্ছে, একটি পক্ষের সঙ্গে তাঁর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে আগে থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ