ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর, ফেনীর প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীনকে (ভিপি জয়নাল) আগামীর মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দেখার দাবি তুলেছেন জেলার সর্বস্তরের মানুষ। চারবারের এই সফল সংসদ সদস্যের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বগাথা ভূমিকা বিবেচনায় ফেনীবাসী মনে করছেন, এই পদের জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।
অধ্যাপক জয়নাল আবেদীন রাজনৈতিক মহলে ‘ভিপি জয়নাল’ নামেই অধিক পরিচিত। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ১৯৭১ সালের ২ মার্চ ফেনীতে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা প্রথম উত্তোলন করেছিলেন এই সাহসী ছাত্রনেতা। সেই সময় তিনি ফেনী কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে তুখোড় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। যুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সক্রিয় সদস্য হিসেবে ফেনী, পরশুরাম ও ছাগলনাইয়া অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লড়েন। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সেনাদের গতিবিধি রোধে তাঁর রণকৌশল আজও স্থানীয় মানুষের মুখে মুখে ফেরে।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও তিনি দেশ গঠনে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নিরলস কাজ করেছেন। ফেনী-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে আমূল পরিবর্তন এনেছেন। এক সময় ‘বাংলার লেবানন’ হিসেবে পরিচিত অশান্ত ফেনীকে স্থিতিশীল ও শান্তির জনপদে পরিণত করতে তাঁর ভূমিকা অপরিসীম। তৃণমূলের সাধারণ মানুষের সাথে তাঁর নিবিড় সম্পর্ক এবং সাহসী নেতৃত্বের কারণে তাঁকে ফেনীর রাজনীতির ‘কিং মেকার’ হিসেবে অভিহিত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহলের মতে, দলের দুঃসময়ে ত্যাগী ভূমিকা এবং মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে অধ্যাপক জয়নাল আবেদীন মন্ত্রিসভায় স্থান পাওয়ার দাবিদার। ফেনীর সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের প্রত্যাশা, দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর নতুন মন্ত্রিসভায় এই প্রবীণ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ফেনীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ