প্রচারণা শেষ, ফেনী-১ আসনে ভোটের রায় অপেক্ষায় প্রার্থীরা

প্রচারণা শেষ, ফেনী-১ আসনে ভোটের রায় অপেক্ষায় প্রার্থীরা

সৌরাভ হোসেন, ছাগলনাইয়া প্রতিনিধি (ফেনী): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফেনী-১ আসনে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা কার্যক্রম শেষ হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সকল প্রকার প্রচারণা বন্ধ করার বাধ্যবাধকতা থাকায় প্রার্থীরা শেষ মুহূর্তের গণসংযোগ সেরে এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

ফেনী-১ আসনটি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত হওয়ায় এবার তাঁর অনুপস্থিতিতে ভোটারদের মধ্যে নতুন কৌতূহল ও নানা জল্পনা তৈরি হয়েছে। 

এ আসনে মোট ৩ লাখ ৭৪ হাজার ৪৩২ জন ভোটার রয়েছেন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। নির্বাচনে মোট ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের লড়াইয়ে মূলত সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছেন বিএনপির মুন্সী রফিকুল আলম মজনু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলনের মাওলানা কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা) সহ আরও বেশ কয়েকজন।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার প্রার্থীরা ব্যক্তিগত ইমেজ ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির ওপর বেশি জোর দিয়েছেন। সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা হলো—নির্বাচিত প্রতিনিধি যেন দুর্নীতিমুক্ত থাকেন এবং এলাকায় রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করেন। বিশেষ করে চুরি, ডাকাতি ও দখলদারিত্বের অবসান ঘটিয়ে একটি নিরাপদ জনপদ গড়ে তুলবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের সাধারণ ভোটাররা। প্রশাসন জানিয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন