ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আরাফিন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরাফিন উপজেলার দশমিনা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মনির খলিফার ছেলে।
ভুক্তভোগী ছাত্রী ও মামলা সূত্রে জানা যায়, বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত আরাফিন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সপ্তাহে বাউফল বাণিজ্য মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার পর ওই রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আরাফিন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আরাফিন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আত্মগোপন করে।
ভুক্তভোগীর বাবা সাহিদুল খাঁন জানান, বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায়। কোনো উপায় না পেয়ে গত শনিবার তিনি বাদী হয়ে দশমিনা থানায় আরাফিন ও তার বন্ধু ইমামকে আসামি করে মামলা দায়ের করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, লিখিত এজাহারের ভিত্তিতে প্রধান আসামি আরাফিনকে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি ইমামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রী এই ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায় দাবি করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ