ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ এবং শনিবার সকালে আলোচনা সভার মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসের প্রথম প্রহরেই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া পৌরসভা, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ এবং কোটালীপাড়া থানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। এরপর শনিবার সকাল ৭টায় একটি বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার।
সভায় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৫২-এর চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীনতার মূল চালিকাশক্তি। এই চেতনাকে ধারণ করেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষক বি এম বাবুল হোসেন এবং শিক্ষার্থী লাবিবা সানজানা ও অভিপ্রিয়া দাস।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ