বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: চুয়াডাঙ্গায় নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মহাপরিচালক

বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: চুয়াডাঙ্গায় নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মহাপরিচালক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যাবতীয় অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার (৯ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় তিনি এই কথা জানান।

নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক সোমবার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি অন্য বাহিনীর সাথে নিবিড়ভাবে কাজ করবে।

বিজিবি মহাপরিচালক জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষিত রেখেই সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে দামুড়হুদাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাপরিচালক জানান, নিরাপত্তা নিশ্চিতে এবারই প্রথম বড় পরিসরে হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-ওর্ন (Body-worn) ক্যামেরা ব্যবহার করা হবে।

সোমবার রাত সাড়ে ১১টায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত জানানো হয়। সমন্বয় সভায় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ যশোর রিজিয়ন ও কুষ্টিয়া সেক্টরের কমান্ডারগণ এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন