বেনাপোল বন্দর দিয়ে ছয় দিনে ২,১০০ মেট্রিক টন চাল আমদানি

বেনাপোল বন্দর দিয়ে ছয় দিনে ২,১০০ মেট্রিক টন চাল আমদানি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয় দিনে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে ২,১০০ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় কার্যদিবসে এই পরিমাণ চাল ভারত থেকে আনা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান হলো মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ।

দেশের বাজারে চালের দাম সহনীয় রাখার জন্য সরকার শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুযোগ দিয়েছে।

বেনাপোল বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট-নভেম্বর তিন মাসে এই বন্দরের মাধ্যমে ৬,১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি মাসের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য দুই লাখ মেট্রিক টন চাল আমদানের অনুমতি দিয়েছে। এর সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত, এবং এই সময়ে আমদানি করা চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ দাম পড়ছে ৫০ টাকা।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বন্দর দিয়ে ভারত থেকে ছয় দিনে ৫৮টি ট্রাকে ২,১০০ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে এবং দ্রুত খালাসের জন্য সব চালান বন্দর থেকে ছাড়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন