কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে মৎসব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে মৎসব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকায় পূর্ব বিরোধের জেরে মোস্তফা কামাল (২৬) নামে এক মৎসব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের সাদাঘোনা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ঘাতক ও তাঁর পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মোস্তফা কামাল ওই ইউনিয়নের ইছাখালী গ্রামের মোকতার আহমদের ছেলে এবং এক সন্তানের জনক। অভিযুক্ত সোলাইমান একসময় কামালের মৎস্যঘেরের কর্মচারী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ঘের থেকে বাড়ি ফেরার পথে সোলাইমানের নেতৃত্বে ৪-৫ জন যুবক কামালের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সোলাইমানের বাড়ি ঘেরাও করে সোলাইমান ও তাঁর পিতা শাহানুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনার জেরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন