ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচজন জেলেকে নৌকাসহ অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদ্বীয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন—শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসেনসহ মোট পাঁচজন। তাঁরা স্থানীয় মাহামুদুল্লাহর মালিকানাধীন একটি নৌকায় মাছ শিকার করছিলেন।
প্রত্যক্ষদর্শী জেলে আবদুল গনি জানান, মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। ফেরার পথে হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। এরপর দেখা যায় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রসহ এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে জিম্মি করে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় অন্য চারটি নৌকা দ্রুত নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। তিনি আরও জানান, নাফ নদীর ওই অংশে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসতে হয়, যা জেলেদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জালিয়াপাড়া এলাকার পাঁচজন জেলেকে নৌকাসহ আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবরটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। অপহৃত জেলেদের পরিবারের মাঝে এখন শোক ও উদ্বেগ বিরাজ করছে।
এই ঘটনার পর থেকে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ