ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙে বিশাল জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান। ১৯৯১ সালের পর এই প্রথম আসনটি পুনরুদ্ধার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনের মোট ২৩৮টি কেন্দ্রে মো. মজিবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম বকসি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। ফলে ৬৯ হাজার ১৩৫ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ধানের শীষের এই কান্ডারি। শিল্প অধ্যুষিত এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শুরু থেকেই শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ কেন্দ্রগুলোতে বিএনপির প্রার্থীর শক্ত অবস্থান ছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের বড় একটি অংশ মজিবুর রহমানের পক্ষে রায় দিয়েছে। এছাড়া স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের একটি বড় অংশ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে এই বিজয়ের অন্যতম ‘চমক’ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় মো. মজিবুর রহমান বলেন, “এই বিজয় কেবল আমার নয়, এটি কালিয়াকৈর ও গাজীপুরবাসীর সর্বসাধারণের বিজয়। ৩৫ বছরের বঞ্চনা ও সাধনার পর এই সাফল্য এক অন্যরকম অনুভূতি। আমি এলাকার উন্নয়নের মাধ্যমে জনগণের এই আস্থার প্রতিদান দিতে চাই।” বিজয়ের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষ তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করেন। এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং মিষ্টি বিতরণ করছেন ধানের শীষের সমর্থকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ