উদ্ধার অভিযানে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

উদ্ধার অভিযানে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে ঘাতক ট্রাকের চাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হয়েছিলেন আহসান হাবিব। ঘটনাস্থলে পৌঁছে তিনি মহাসড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় একটি ট্রাককে তিনি থামার সংকেত দিলে ট্রাকটি থামে। কিন্তু পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আহসান হাবিবের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় এমন মৃত্যুতে ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় তিনটি যানের ত্রিমুখী সংঘর্ষে আরও চারজন আহত হন। আহতদের মধ্যে শুভ (২৮) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

ও.এস/সকালবেলা

মন্তব্য করুন