টেকনাফ সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

টেকনাফ সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৈকতে হাঁটতে গিয়ে স্থানীয়রা লম্বরী পয়েন্টে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না, তবে তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল। ধারণা করা হচ্ছে, জোয়ারের তোড়ে মরদেহ দুটি কূলে ভেসে এসেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে এখন পর্যন্ত মৃত তরুণ-তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তারা কি পর্যটক নাকি অন্য কোনো ঘটনার শিকার, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্টসহ আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হবে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন