চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৮ দিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৮ দিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের আট দিন পর একটি খাল থেকে শিমুল (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ থেকে ৮ দিন আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার সকালে কালা গ্রামের ওই খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিমুলের মরদেহ হিসেবে শনাক্ত করে তা উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এস.কে/সকালবেলা

মন্তব্য করুন