নরসিংদীকে আধুনিক শিল্পনগরী ও সিটিতে রূপান্তরের অঙ্গীকার খায়রুল কবির খোকনের

নরসিংদীকে আধুনিক শিল্পনগরী ও সিটিতে রূপান্তরের অঙ্গীকার খায়রুল কবির খোকনের

মো. নুরনবী সানি, নরসিংদী: নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি তাঁর এই ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

খায়রুল কবির খোকন তাঁর বক্তব্যে নরসিংদীকে একটি পূর্ণাঙ্গ শিল্পবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের দাবি অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদীর যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তিনি নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর এবং মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়নের ঘোষণা দেন। এর আওতায় উভয় পৌরসভায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্ত রাস্তা, লাইটিং ও গ্যাস-বিদ্যুৎ সরবরাহসহ যানজট নিরসনে কাজ করা হবে।

শিক্ষার প্রসারে সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরভিত্তিক প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকে দুর্নীতিমুক্ত করে গ্রামভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ ও নিয়মিত টিকাদান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ধানের শীষের এই প্রার্থী।

অবহেলিত চর অঞ্চলের উন্নয়নে তিনি "সমন্বিত চর উন্নয়ন প্রকল্প" গ্রহণের কথা উল্লেখ করেন। এর মাধ্যমে চর এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং ফেরি চলাচলের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে চরাঞ্চলের পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া আন্দোলনে আহত ‘জুলাই যোদ্ধাদের’ সুচিকিৎসা, পুনর্বাসন ও স্মৃতি জাদুঘর নির্মাণের বিষয়টিও তাঁর ইশতেহারে গুরুত্ব পেয়েছে।

খায়রুল কবির খোকন তাঁর ইশতেহারে আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি একটি শান্তিময় ও সমৃদ্ধ নরসিংদী গড়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম.এ জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চুসহ দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন