ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত পেশাদার সাংবাদিকরা নানা অজুহাতে কার্ড থেকে বঞ্চিত হলেও রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের সাংবাদিক হিসেবে কার্ড দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে "নিউজ বিডি জার্নালিস্ট" নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করেছেন জামায়াত ও ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতা।
অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক পরিচয়ে পর্যবেক্ষক কার্ড পাওয়া ওই দুই ব্যক্তি মূলত পেশাদার সাংবাদিক নন; বরং তারা সরাসরি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তারা "নিউজ বিডি জার্নালিস্ট" নামক পোর্টালে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে প্রশাসনিক পাসের আবেদন করেন। অথচ একই সময়ে যশোরের অনেক সিনিয়র ও মাঠপর্যায়ের প্রকৃত সাংবাদিকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও কার্ড পাননি। তথ্যগত সামান্য ত্রুটি বা নথিপত্রের অজুহাত দেখিয়ে তাদের আবেদনগুলো বাতিল করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, যশোরের কিছু অসাধু সম্পাদক ও প্রশাসনের যাচাই-বাছাই প্রক্রিয়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে তথাকথিত ‘হলুদ সাংবাদিকদের’ এই সুযোগ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভুয়া সাংবাদিকদের এই কার্ড প্রদান নির্বাচনী পর্যবেক্ষণ কার্যক্রমের স্বচ্ছতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।
এ বিষয়ে "নিউজ বিডি জার্নালিস্ট"-এর সম্পাদক রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়সারা মন্তব্য করেন। তিনি বলেন, “বিষয়টি আমি ঠিক জানি না, ওদের কার্ড সম্ভবত বার্তা সম্পাদক ইমরান দিতে পারে।” একজন সম্পাদকের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সচেতন মহল ও পেশাদার সাংবাদিকদের দাবি, নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের উচিত দ্রুত এই কার্ডগুলো বাতিল করা এবং সাংবাদিক পরিচয় যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোরতা অবলম্বন করা। অন্যথায় নির্বাচনী সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণে চরম বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ