ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের আট দিন পর খাল থেকে শিমুল (৪০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিমুল। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ সকালে কালা গ্রামের খালের কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিমুলকে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিক নিশ্চিত হওয়া না গেলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।
এন.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ