পীরগাছায় ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

পীরগাছায় ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় আলুবাহী ট্রাকের চাপায় মোকছেদ আলী (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণীকুন্ডা বাজারের পাশে নয়াদিঘীর পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোকছেদ আলী উপজেলার ছাওলা ইউনিয়নের ধাপগাছ এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় দামুরচাকলা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে টিউশনি শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোকছেদ আলী। পথে বিপরীত দিক থেকে আসা একটি আলুবাহী ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এই প্রিয় শিক্ষকের আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এইচ.আর/সকালবেলা

মন্তব্য করুন