উচ্ছ্বাস নয়, প্রার্থনায় বিজয় উদযাপন করলেন মীর শাহে আলম

উচ্ছ্বাস নয়, প্রার্থনায় বিজয় উদযাপন করলেন মীর শাহে আলম

ওয়াফিক শিপলু, বগুড়া: বিজয়ের আনন্দ মিছিল বা উচ্ছ্বাসে নয়, বরং মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং প্রার্থনার মধ্য দিয়ে নতুন পথচলা শুরু করেছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে কোনো ধরনের বিজয় মিছিল না করে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জজুড়ে দোয়া ও মাজার জিয়ারতের কর্মসূচিতে অংশ নেন তিনি।

শুক্রবার জুমার নামাজ শেষে ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন মীর শাহে আলম। পরে তিনি সুলতানুল আরেফিন হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মোনাজাতে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, শিবগঞ্জবাসীর কল্যাণ এবং জিয়া পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মীর শাহে আলম বলেন, “এই বিজয় সাধারণ মানুষের এবং জুলাই বিপ্লবের শহীদদের। তাই উচ্ছ্বাস বা আনন্দ মিছিল করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করাই আমাদের প্রথম দায়িত্ব।” তিনি আরও বলেন, “আমরা শিবগঞ্জে কোনো প্রতিহিংসা নয়, বরং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বিজয়ের মুহূর্তে আমাদের ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে হবে।”

নবনির্বাচিত এই এমপির বিজয় উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ১০২৮টি মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় নেতা-কর্মীরা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

শিবগঞ্জের সাধারণ মানুষ মীর শাহে আলমের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বড় কোনো শো-ডাউন ছাড়াই দোয়া ও মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন এলাকায় এক ইতিবাচক রাজনৈতিক আবহের সৃষ্টি করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন