সিরাজগঞ্জ-৪ আসনে ভোট পুনঃগণনার দাবি এম আকবর আলীর

সিরাজগঞ্জ-৪ আসনে ভোট পুনঃগণনার দাবি এম আকবর আলীর

মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম আকবর আলী। এই বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উল্লাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী অভিযোগ করেন, নির্বাচনের দিন বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনার সময় ব্যাপক অনিয়ম করা হয়েছে। তিনি দাবি করেন, অনেক কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং চূড়ান্ত ফলাফল শিটে প্রাপ্ত ভোটের সংখ্যার মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। তার মতে, ঘোষিত ফলাফলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটেনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, “ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়েছেন, কিন্তু গণনার সময় সেই রায় বদলে দেওয়া হয়েছে। আমি চাই ভোটারদের দেওয়া রায় যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। একটি নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ পুনঃগণনা করা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনে আবেদনের পাশাপাশি ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন হলে তিনি উচ্চ আদালতের আশ্রয় ও আইনি পদক্ষেপ নেবেন।

এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের বাধা প্রদান ও ভয়ভীতি দেখানো হয়েছে। তবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, উল্লাপাড়ায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৪ আসনে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপির পক্ষ থেকে এমন পাল্টাপাল্টি অভিযোগ আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। এখন নির্বাচন কমিশন পুনঃগণনার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ ভোটাররা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন