ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মুখে হাসি ফুটিয়েছে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা (প্রআউস)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাচিঝুলি এলাকায় সংস্থার নিজস্ব উদ্যোগে অর্ধশত প্রতিবন্ধী মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে এসব উপহার তুলে দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। রমজানের শুরুতেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত প্রতিবন্ধীরা। তাঁরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উপহার তাঁদের সিয়াম পালনে অনেক সহায়ক হবে এবং সমাজে তাঁদের প্রতি এমন মানবিক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সুমনা আল মজিদ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময় তাঁদের কল্যাণে কাজ করে যাবে এবং ভবিষ্যতেও তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল জানান, প্রতি বছরের মতো এবারও তাঁরা অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। যাঁরা অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি, তাঁদের বাসায় গিয়ে উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা হালিমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ