নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন: দলীয় কোন্দলের অভিযোগ

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন: দলীয় কোন্দলের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হবখালী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তাঁর বসতঘরের আসবাবপত্র, মজুতকৃত রবি শস্যসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তাঁরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। সবাই মিলে চেষ্টা চালিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা ধান, তিল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, হুমায়ুন মোল্যা সদ্য সমাপ্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ‘কলস’ প্রতীকের সমর্থক ছিলেন। এ নিয়ে ধানের শীষের সমর্থকদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। ধানের শীষের সমর্থকেরা তাঁকে নির্বাচন পরবর্তী সময়ে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন। তাঁদের ধারণা, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত নাশকতা। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

নড়াইলের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটাররা নির্বাচন-পরবর্তী এমন সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন