রায়পুরে নিখোঁজের দুদিন পর বালুর স্তূপ থেকে অটোচালকের লাশ উদ্ধার

রায়পুরে নিখোঁজের দুদিন পর বালুর স্তূপ থেকে অটোচালকের লাশ উদ্ধার

আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার একটি সুপারি বাগানের বালুর স্তূপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ হোসেন বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে বাড়ির কাছের একটি সুপারি বাগানে বালুর স্তূপের ভেতর লাশের অংশ বিশেষ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের মা ও ভাই জানান, সোহাগ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, জুয়া সংক্রান্ত কোনো বিরোধের জেরে ঘাতকরা তাকে হত্যা করে নির্জন বাগানে বালু চাপা দিয়ে রেখেছিল। এদিকে সোহাগের স্ত্রী শাহিনুর বেগম আট মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর অকাল মৃত্যু ও খুনের খবরে তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

এ.আই/সকালবেলা

মন্তব্য করুন