হবিগঞ্জে নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের ‘ঈসমাইল বন্দ’ নামক এলাকার একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানছুরা আক্তার মুড়িয়াউক গ্রামের মোঃ কেনু মিয়ার মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে ঘাস কাটতে বের হয় মানছুরা। সারাদিন অতিবাহিত হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। শনিবার সকালে জনৈক আব্দুর রহমানের সরিষা জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের অদূরেই তার ঘাস কাটার কাঁচি ও খাঁচা পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।

লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, "আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে।"

এদিকে, প্রিয় সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মানছুরার বাবা-মা। শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় করে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এম.ইউ/সকালবেলা

মন্তব্য করুন