যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হিফজ শিক্ষার্থী নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হিফজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়, তার বাবার নাম দীন ইসলাম। সে কাজলা এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিল।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রাতে কাজলা স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পরিবার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সকালবেলা

মন্তব্য করুন