মোল্লাকান্দির সংঘর্ষ, ধানের শীষের কোনো সংশ্লিষ্টতা নেই: কামরুজ্জামান রতন

মোল্লাকান্দির সংঘর্ষ, ধানের শীষের কোনো সংশ্লিষ্টতা নেই: কামরুজ্জামান রতন

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনাকে স্থানীয় গোষ্ঠীগত অন্তর্দ্বন্দ্ব হিসেবে অভিহিত করেছেন মুন্সীগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, “সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি বিশেষ মহল এই জোয়ারকে বাধাগ্রস্ত করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মোল্লাকান্দিতে যে সংঘর্ষ হয়েছে, তা একান্তই স্থানীয় গোষ্ঠীগত কোন্দল। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী এই ঘটনাকে পুঁজি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাচ্ছে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, ঘটনার সময় ওই এলাকায় বিএনপির কোনো নির্ধারিত কর্মসূচি ছিল না। তিনি বলেন, “মোল্লাকান্দিতে আমার কোনো প্রোগ্রাম ছিল না। যে ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেছে, তার সাথে আমি বা আমার দলের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।”

নির্বাচনী পরিবেশ নিয়ে কামরুজ্জামান রতন বলেন, “আমি আমার নির্বাচনী আসনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চাই। জনগণ ব্যালটের মাধ্যমে যে রায় দিবে, আমি তা সানন্দে মাথা পেতে নিব। তবে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা বরদাশত করা হবে না।”

সংবাদ সম্মেলনে গজারিয়া উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন