মণিরামপুর বাজারে দুই ঘড়ির দোকানে দুর্ধর্ষ চুরি

মণিরামপুর বাজারে দুই ঘড়ির দোকানে দুর্ধর্ষ চুরি

আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর বাজারে দুটি ঘড়ির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাজারের রাজগঞ্জ মোড়ের উত্তর পাশে অবস্থিত ‘জামান ওয়াচ’ ও ‘শশী ওয়াচ’ থেকে নগদ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান তারা। বুধবার সকাল আনুমানিক সাতটার দিকে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। জামান ওয়াচের মালিক হাদিউজ্জামান জানান, তার দোকান থেকে বেশ কিছু দামি ঘড়ি ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। অন্যদিকে, শশী ওয়াচের মালিক দাবি করেন, তার দোকান থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ও নগদ ১৪ শত টাকা নিয়ে গেছে চোর চক্র।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দিনের শুরুতে ব্যস্ত বাজারে এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় রাতে ও ভোরে পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় চুরির ঘটনা বাড়ছে। তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন