ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের ফলাফলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পীরগাছা। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার ভোট পুনরায় গণনার দাবিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা নির্বাচনের ফলাফল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ধানের শীষের প্রার্থীর প্রাপ্ত ভোট সঠিকভাবে গণনা করা হয়নি এবং ঘোষিত ফলাফলের সাথে বাস্তবতার ব্যাপক অসঙ্গতি রয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। তারা অভিযোগ করে বলেন, "জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে এই ফলাফল সাজানো হয়েছে।" বিক্ষোভ থেকে নেতারা রংপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অপসারণের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, বেসরকারি ফলাফলে রংপুর-৪ আসনে ১১-দলীয় জোট ও এনসিপি প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। মাত্র ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে এই ফলাফলকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়ে বিএনপি শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর অংশ হিসেবে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার স্বাধীনতা চত্বরে আবারও বিক্ষোভ মিছিল ও পথসভা পালনের ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ