ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চায়। আমি মনে করি, কোনো অপশক্তি বা পরাজিত গোষ্ঠী এ দেশ শাসন করার অধিকার রাখে না। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভোট প্রদানের সময় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন আবু ওয়াহাব আকন্দ। তিনি জানান, একটি ভোট প্রদান করতে তার প্রায় তিন মিনিট সময় লেগেছে। সাধারণ ভোটারদের ভোগান্তি কমাতে প্রতিটি কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তিনি বলেন, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও অংশগ্রহণ দেখছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মানুষ ভোট, গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে ভালোবাসে বলেই আজ কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছে। এ সময় তার সঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে এবার মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি), মোহাম্মদ কামরুল আহসান (জামায়াতে ইসলামী), আবু মো. মুসা সরকার (জাতীয় পার্টি), এমদাদুল হক মিল্লাত (সিপিবি), মোস্তাফিজুর রহমান (গণসংহতি আন্দোলন), মো. নাসির উদ্দিন (ইসলামী আন্দোলন), মো. লিয়াকত আলী (বিএসপি), মো. হামিদুল ইসলাম (এনপিপি) এবং শেখর কুমার রায় (বাসদ-মার্কসবাদী)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার ২৯১ জন নারী এবং ৩ লাখ ৪৫ হাজার ৫ জন পুরুষ ভোটার। সিটি কর্পোরেশন ও ১১টি ইউনিয়নের ১৭৯টি কেন্দ্রের ১২৬৩টি কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ