ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুর সংবাদে ফেনী ও দাগনভূঞা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বায়রার ম্যানেজার আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আবুল বাশার টানা তিন মেয়াদে মোট ছয় বছর বায়রার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তাঁর নিজস্ব প্রতিষ্ঠান সরকার রিক্রুটিং এজেন্সি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি ফেনীর সোনাগাজী-দাগনভূঞা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় যুবলীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে বায়রার বর্তমান নেতৃবৃন্দ, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দাগনভূঞার কৃতি সন্তানের প্রয়াণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও শোকের মাতম চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ