বাঘাইছড়িতে উৎসবমুখর ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত কাস্ট প্রায় ৫০ শতাংশ

বাঘাইছড়িতে উৎসবমুখর ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত কাস্ট প্রায় ৫০ শতাংশ

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির দুর্গম ও বৃহত্তম উপজেলা বাঘাইছড়িতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে পাহাড়ি জনপদে ভোরের আলো ফোটার আগেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে দুর্গম সাজেক ও মারিশ্যা এলাকার কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাঘাইছড়ির কেন্দ্রগুলোতে গড়ে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাঙামাটি-২৯৯ আসনের এই জনপদে ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক কেন্দ্রেই প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে আগেভাগেই হেলিকপ্টার ব্যবহার করায় কোনো প্রকার বিলম্ব ছাড়াই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

রাঙামাটি-২৯৯ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ), ১১-দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার (ফুটবল) মধ্যে। এ ছাড়া জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের জসিম উদ্দিনসহ (হাতপাখা) মোট ৭ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তা নিশ্চিতে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর ‘স্ট্রাইকিং ফোর্স’ পুরো উপজেলায় টহল দিচ্ছে।

এম.এম/সকালবেলা


মন্তব্য করুন