বাগেরহাটে হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

বাগেরহাটে  হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান সরদার (২৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তিনি বাগেরহাট-২ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন, "শুক্রবার সন্ধ্যায় ধানের শীষের সমর্থকরা এলাকায় এসে 'ঘোড়ার লোকজন কই গেল' বলে খুঁজতে থাকে। এ সময় ওসমানের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধানের শীষের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করে।" গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, "সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

উল্লেখ্য, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে এবার ত্রিমুখী লড়াই হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে লড়েছিলেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তবে দুই হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তরুণ প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন