ফেনীতে ভোটারদের বাধা ও হামলায় একজনের মাথা ফেটেছে, আহত ৪

ফেনীতে ভোটারদের বাধা ও হামলায় একজনের মাথা ফেটেছে, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনী-২ (সদর) আসনের ফরহাদনগর ইউনিয়নের চরকালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের আসতে বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালে এই সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোটকেন্দ্রে যাওয়ার পথে এক ভোটারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের সমর্থকরা। হামলায় ওই ভোটারের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন— রেজাউল করিম, কাজী রিফাত এবং মাঈনুল হোসেন।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চরকালিদাস ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সকাল থেকেই কেন্দ্রের আশপাশে একদল যুবক অবস্থান নিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে ভয়ভীতি প্রদর্শন ও বাধা দিচ্ছিল। এর প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হামলার ঘটনার পর ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ভোটারদের উপস্থিতি অনেক কমে গেছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন