প্রতিশ্রুতি রক্ষা করাই হবে আমার সার্থকতা: কামরুজ্জামান রতন

প্রতিশ্রুতি রক্ষা করাই হবে আমার সার্থকতা: কামরুজ্জামান রতন

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন বলেছেন, "আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন; এখন আপনারা শান্তিতে ঘুমান, আপনাদের উন্নয়নে আমি জেগে থাকব। মুন্সীগঞ্জ-৩ আসনের উন্নয়ন আমি আপনাদের বুঝিয়ে দেব এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে রক্ষা করাই হবে আমার সার্থকতা।" বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেঘনা ভিলেজ পার্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে কামরুজ্জামান রতন আরও বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় মানুষের সেবা করার এবং এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করার। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদের সঞ্চালনায় এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, স্কোয়াড্রন লিডার (অব:) বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মো. সিরাজুল ইসলাম পিন্টু, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক ও মোতাহার হোসেন জাহাঙ্গীর। এছাড়া জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গজারিয়াকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন