প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে বিএনপির আনন্দ মিছিল

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

বিকালে মণিরামপুর বাজারের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিলটি প্রদক্ষিণ করে। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যশোরের কৃতি সন্তান ও রাজপথের পরীক্ষিত নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরও বলা হয়, যশোরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই নিয়োগ বড় ভূমিকা রাখবে। তৃণমূলের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রীর উত্তরোত্তর সফলতা কামনা করেন। মিছিলে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন