প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর কার্যালয়ে এমপি সেলিম রেজা

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর কার্যালয়ে এমপি সেলিম রেজা

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: নির্বাচনের তিক্ততা ভুলে সৌহার্দ্য ও উদার রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. সেলিম রেজা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করার মাধ্যমে তিনি এলাকায় ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজিপুর উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হন সেলিম রেজা। সেখানে সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির মাওলানা শাহীনুর আলমের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরকে আলিঙ্গন করেন।

এ সময় জামায়াত প্রার্থী মাওলানা শাহীনুর আলম নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করান। দীর্ঘ সময় তারা আলাপচারিতা করেন, যেখানে রাজনৈতিক বৈরিতার চেয়ে সম্প্রীতির আবহ ছিল লক্ষণীয়।

সৌজন্য সাক্ষাৎকালে মো. সেলিম রেজা বলেন, “নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখন আমাদের মূল লক্ষ্য এলাকার উন্নয়ন। আমি আপনার পরামর্শ নিয়ে সকল দলের সমন্বয়ে কাজিপুরবাসীর কল্যাণে কাজ করতে চাই। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।”

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, জেলা বিএনপির উপদেষ্টা রাশেদ কবির চান্দু এবং উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনের পর দুই নেতার এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে সিরাজগঞ্জের সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। তারা মনে করছেন, এই সহনশীলতা ও ঐক্যের রাজনীতি ভবিষ্যতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জে.আর/সকালবেলা

মন্তব্য করুন