ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নির্বাচিত হওয়ার পর প্রথম দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর তিনি বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন।
বিকেল ৫টায় আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসন জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক দল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত হতে হবে।” তিনি নির্বাচন-পরবর্তী সময়ে দলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু এবং জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এর আগে সকালে তিনি চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জুমার নামাজ শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের বাসভবনে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তবে আনন্দঘন পরিবেশের মধ্যেও আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মাসুদ পারভেজ রাসেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। অভিযোগ উঠেছে, নির্বাচনের পর থেকে মাকালডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বিএনপির উশৃঙ্খল নেতা-কর্মীরা জামায়াত কর্মীদের ওপর হামলা ও ঘরবাড়ি ভাঙচুর করছে। নবনির্বাচিত সংসদ সদস্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।
এন.ডি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ