ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জামালপুর প্রতিনিধি: পারিবারিক উন্নয়ন, পুষ্টির মান বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে পুরুষের ইতিবাচক ভূমিকা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে বিশেষ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরের ডিটিআরসি (DTRC) মিলনায়তনে “নারী পুরুষের সমতা সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা” প্রতিপাদ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন’ (জেসমিন) প্রকল্প এই আয়োজনটি পরিচালনা করে। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ অংশীদারিত্বে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের (DD-MoWCA) প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনে এবং নারীদের অর্থনৈতিক মূলস্রোতে সম্পৃক্ত করতে পুরুষদের সহযোগিতামূলক ও ইতিবাচক মনোভাব অপরিহার্য।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে সমাজের বিভিন্ন স্তরের অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তা, কমিউনিটি মার্কেট এজেন্ট, তৃণমূল পর্যায়ের প্রডিউসার গ্রুপের সদস্যদের স্বামীগণ, ‘মেন-কেয়ার’ (MenCare) অ্যাম্বাসেডর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেসমিন প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রকল্পটি ২০২৩ সাল থেকে জামালপুর জেলার সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় কাজ করে আসছে। এটি মূলত ২০১৮-২০২৩ মেয়াদে পরিচালিত এনএসভিসি (NSVC) প্রকল্পের একটি বর্ধিত অংশ, যা নারীদের বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্তকরণ এবং জেন্ডার বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোচনা ও মতবিনিময় শেষে অংশগ্রহণকারী পুরুষরা পারিবারিক কাজে নারীদের সহায়তা করার এবং সমতাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ