তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক হয়।

হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন এই বন্দর দিয়ে পণ্য পারাপার বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড এবং দেশি ট্রাকে লোড হয়ে পণ্যগুলো দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর কাজ পুরোদমে চলছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, নির্বাচনের কারণে তিন দিনের বিরতি শেষে আজ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন